শুক্রবার (২১ আগস্ট) বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরইপরই এক অভিনন্দন বার্তায় ইরানের প্রেসিডেন্ট এ আগ্রহের কথা জানান।
পেজেশকিয়ান বলেন, গণতন্ত্র শক্তিশালী করার ক্ষেত্রে নতুন রাষ্ট্রপতির অঙ্গীকার, দূরদর্শিতা ও প্রশংসনীয় অর্জনের প্রতি বাংলাদেশের আইনপ্রণেতাদের আস্থার ভোট দেশটির জনগণের জন্য স্থিতিশীলতা, কল্যাণ ও অগ্রগতির নতুন অধ্যায়ের সূচনা করেছে।
তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করা এবং দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে ব্যাপক সহযোগিতা বাড়াতে ইরান সরকার ও জনগণ দৃঢ়প্রতিজ্ঞ।
বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি তার দায়িত্ব পালনে ক্রমবর্ধমান সাফল্য অর্জন করবেন এবং বাংলাদেশের জনগণ শান্তি, সুখ ও সমৃদ্ধিতে থাকবে—এ কামনা করেন ইরানের প্রেসিডেন্ট।
এদিকে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে ভারত, পাকিস্তান, চীন, যুক্তরাজ্য, ফ্রান্স, সুইজারল্যান্ডসহ বিভিন্ন দেশ। অভিনন্দন বার্তায় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা জানানো হয়েছে।
অভিনন্দন বার্তায় মির্জা ফখরুলের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেন, বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক ও জনজীবনের অভিজ্ঞতা দেশের জনগণের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। মির্জা ফখরুলকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান তিনি। উষ্ণ অভিনন্দন জানিয়েছে চীনও। দেশটির দূতাবাসের বার্তায় জানানো হয়, বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত চীন।
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ জানিয়েছে যুক্তরাজ্য দূতাবাস। ফ্রান্স দূতাবাসও মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় তার দীর্ঘ রাজনৈতিক ভূমিকার কথা স্মরণ করেছে। সুইজারল্যান্ড দূতাবাসের পক্ষ থেকেও নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানানো হয়েছে।