cox24newsbd.com
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
চকরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত
ছবি: ছবি সংগৃহীত
সারাদেশ

চকরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত

কক্স২৪ নিউজ ডেস্ক।



“সুস্থ দেহ, সুস্থ মন, মাদকমুক্ত হোক জীবন” এবং “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে”—এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মহোদয়ের নির্দেশনায় দ্বিতীয় দিনের মতো চকরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট ২০২৬) বিকেল সাড়ে ৪টায় চকরিয়া থানাধীন বরইতলী একতাবাজার ও পেকুয়া রাস্তার মাথা এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমানের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, ধর্মীয় ব্যক্তিত্ব, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে অনুষ্ঠিত সচেতনতামূলক সমাবেশে মাদকের ভয়াবহতা, মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব এবং মাদক নির্মূলে পরিবার, সমাজ ও সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করে বক্তব্য দেওয়া হয়।

বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ অভিশাপ। মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার ও সমাজের প্রতিটি নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

চকরিয়া থানা পুলিশ জানায়, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ জনগণের পাশে রয়েছে। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবার সহযোগিতা, সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

সমাবেশ থেকে মাদককে ‘না’ বলে মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ cox24newsbd.com