বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, ওলামায়ে কেরাম আমাদের রাহবার এবং দীনের ধারক-বাহক। ইসলামের সঠিক বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ওলামায়ে কেরাম সকলের চেয়ে অগ্রগণ্য। ইসলাম'ই আল্লাহ নিকট একমাত্র গ্রহণযোগ্য জীবন বিধান। তাই ইসলামী জীবন বিধান কায়েমে ওলামায়ে কেরাম কে অগ্রনী ভূমিকা পালন করতে হবে। বিভেদ আর বৈষম্যের বিপরীতে ওলামায়ে কেরামের ঐক্যবদ্ধ ভূমিকায় দেশবাসী প্রত্যাশা করে। বাংলাদেশ মাজলিসুল মোফাসসিরিন কক্সবাজার জেলা শাখা আয়োজিত এক মুফাসসির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। ৩১ অক্টোবর (শনিবার) শহরের একটি মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন মাজলিসুল মোফাসসিরিন কক্সবাজার জেলা সভাপতি মাওলানা শফিউল হক জিহাদী। প্রধান অতিথি আরো বলেন, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ। পৃথিবীর দেশে দেশে আজ মুসলিম জাতি নির্যাতন ও নিষ্পেষনের শিকার। আরাকান, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুসলিম উম্মাহ আজ অধিকার হারা। সঠিক নেতৃত্ব ও ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে পারলে পৃথিবীর কোন শক্তি মুসলিম উম্মাহ কে দমিয়ে রাখতে পারবে না। তাই আজ সময়ের প্রয়োজন ইত্তিফাক ও ইত্তিহাদ থাকা। রাজনৈতিক ও আক্বিদাগত মতপার্থক্যের উপরে উঠে উম্মাহর চেতনায় ঐক্যবদ্ধ থাকা। মাজলিসুল মোফাসসিরিন জেলা সেক্রেটারি মাওলানা আবুল ফজলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাজলিসুল মোফাসসিরিন কেন্দ্রীয় সহ-সভাপতি ড. মাওলানা সাইয়েদ মুহাম্মদ আবু নোমান, চট্টগ্রাম বিভাগ সেক্রেটারি ড. মাওলানা আবুল কালাম আজাদ, কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মাহমুদুল হক। জেলা নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা সহ-সভাপতি মাওলানা আবুল ফজল, মাওলানা ইসমাইল কুতুবী, মাওলানা কামাল উদ্দীনসহ উপজেলা সভাপতিবৃন্দ।
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
রাজনীতি