cox24newsbd.com
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
২২ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে শত শত ট্রলার
ছবি: ছবি সংগৃহীত
সারাদেশ

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে শত শত ট্রলার

কক্স২৪ নিউজ ডেস্ক।
দীর্ঘ ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে নতুন প্রত্যাশা ও স্বপ্ন নিয়ে আবারও সাগরে মাছ ধরতে যাত্রা শুরু করেছেন বরগুনার পাথরঘাটার জেলেরা।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর নিষেধাজ্ঞা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই মাছ ধরার সব প্রস্তুতি সম্পন্ন করে ঘাট ছাড়তে শুরু করে শত শত মাছ ধরার ট্রলার। রাতের আঁধারেই ইলিশ শিকারের আশায় সাগরের উদ্দেশে পাড়ি জমান জেলেরা।

জাতীয় মাছ ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে গত ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন সারা দেশে ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, পরিবহন, মজুত, বিক্রি ও বাজারজাতকরণের ওপর নিষেধাজ্ঞা জারি করে সরকার। বিজ্ঞানভিত্তিক প্রজননকাল ও আশ্বিন মাসের পূর্ণিমা বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

দীর্ঘদিন মাছ ধরা বন্ধ থাকায় উপকূলের হাজারো জেলে কর্মহীন সময় পার করেছেন। নিষেধাজ্ঞা শেষ হওয়ায় আবারও সাগরে যাওয়ার সুযোগ পেয়ে তাদের মধ্যে ফিরেছে প্রাণচাঞ্চল্য। এবার জালে প্রচুর ইলিশ ধরা পড়বে এমন প্রত্যাশা নিয়েই সাগরে পাড়ি জমিয়েছেন তারা।

জেলেরা জানান, দীর্ঘ ২২ দিন পর আবারও সাগরে যেতে পেরে তারা আনন্দিত। এরই মধ্যে ট্রলারে জাল, বরফ, জ্বালানি তেল, খাবারসহ মাছ ধরার প্রয়োজনীয় সব সরঞ্জাম তুলে প্রস্তুতি সম্পন্ন করেছেন। তাদের প্রত্যাশা, এবার সাগরে ইলিশের ভালো বিচরণ পাওয়া যাবে এবং ট্রলারভর্তি মাছ নিয়ে নিরাপদে ঘাটে ফিরতে পারবেন।

পাথরঘাটার জেলে আলমগীর মাঝি, সেলিম নাজির, আলম ফিটার, জাকির মাঝি ও কালাম খান জানান, নিষেধাজ্ঞা শুরুর আগের দিন সাগর থেকে ঘাটে ফিরেছিলেন তারা। এরপর পরিবারের সঙ্গে সময় কাটিয়ে আবারও সাগরে যাওয়ার প্রস্তুতি নেন। ট্রলারে বরফ, জ্বালানি তেল, খাবার ও প্রয়োজনীয় সরঞ্জাম তুলে বৃহস্পতিবার মধ্যরাতে সাগরের উদ্দেশে রওনা হয়েছেন। এবার প্রচুর ইলিশ পাওয়ার প্রত্যাশা করছেন তারা।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুম আকন জানান, নিষেধাজ্ঞার সময় জাল ও ট্রলার মেরামতসহ মাছ ধরার প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছেন জেলেরা। নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরপরই উপকূলের শত শত মাছ ধরার ট্রলার সাগরের উদ্দেশে ঘাট ছেড়েছে। তবে উপকূলীয় এলাকায় বৃষ্টির পূর্বাভাস থাকায় আবহাওয়া নিয়ে কিছুটা উদ্বেগ রয়েছে। নিরাপদে মাছ ধরতে জেলেরা আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতির ওপর নজর রাখছেন।

সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, বিগত বছরগুলোর মতো এবারও বরগুনার জেলেরা সরকারের নির্দেশনা যথাযথভাবে পালন করেছেন। নিষেধাজ্ঞা চলাকালে কোনো জেলেকে নদী বা সাগরে জাল ফেলতে দেখা যায়নি। ইলিশের প্রজনন নিশ্চিত করতে সরকার অনেকটাই সফল হয়েছে। এখন জাটকা সংরক্ষণে সবাইকে আরও সচেতন হতে হবে। জাটকা রক্ষা করা গেলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন কয়েক গুণ বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসিবুল হক বলেন, নিষেধাজ্ঞার মধ্যে দেশের বিভিন্ন এলাকায় অসাধু জেলেদের ইলিশ শিকারের খবর পাওয়া গেলেও পাথরঘাটা ছিল ব্যতিক্রম। এখানকার কোনো জেলে নিষিদ্ধ সময়ে নদী বা সাগরে জাল ফেলেননি। জেলে, মহাজনসহ সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতায় এবারের নিষেধাজ্ঞা সফল হয়েছে।

দীর্ঘ ২২ দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে এখন সাগরে মাছ ধরার অভিযানে নামা পাথরঘাটার জেলেদের প্রত্যাশা, সাগরে মিলবে ইলিশের কাঙ্ক্ষিত বিচরণ, জালভর্তি মাছ নিয়ে নিরাপদে ঘাটে ফিরবে ট্রলার। আর সেই সঙ্গে উপকূলের জেলে পরিবারগুলোর জীবনে ফিরবে স্বস্তি ও আর্থিক সচ্ছলতা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ cox24newsbd.com