cox24newsbd.com
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের মামলা পুনরুজ্জীবিত করে খুনিদের আইনের আওতায় আনুন - নজরুল ইসলাম
ছবি: ছবি সংগৃহীত
রাজনীতি

২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের মামলা পুনরুজ্জীবিত করে খুনিদের আইনের আওতায় আনুন - নজরুল ইসলাম

কক্স২৪ নিউজ ডেস্ক।


 বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার নয় মাসিক রুকন সম্মেলন মঙ্গলবার সন্ধ্যায় নগর জামায়াতের দেওয়ানবাজারস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। থানা আমীর আমির হোসাইনের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি মোস্তাক আহমদের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর মুহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন এবং সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে লগি-বৈঠা দিয়ে প্রকাশ্যে মানুষ হত্যার ঘটনায় দায়ীদের বিচারের আওতায় আনতে হবে। তিনি বলেন, ওই ঘটনার পর মামলা দায়ের ও চার্জশিট দাখিল হলেও পরবর্তী সময়ে মামলাটি প্রত্যাহার করা হয়। এটি বিচারহীনতার সংস্কৃতিকে উৎসাহিত করেছে। শহীদদের পরিবার দীর্ঘদিন ধরে ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছে। জাতীয় স্বার্থে মামলাটি পুনরুজ্জীবিত করে ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নেপথ্যের পরিকল্পনাকারীদের চিহ্নিত করা প্রয়োজন।

তিনি আরও বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের হত্যাকাণ্ড বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি কলঙ্কজনক অধ্যায়। রাজনৈতিক কর্মসূচির নামে সন্ত্রাস ও হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অতীতের সব রাজনৈতিক সহিংসতা, গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে। অপরাধী যে দলেরই হোক, তাকে আইনের আওতায় আনতে হবে।

নজরুল ইসলাম বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসা জরুরি। রাজনৈতিক প্রভাবমুক্ত তদন্ত ও বিচার নিশ্চিত করা গেলে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হবে।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন ও অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার সংগঠনের দায়িত্বশীলদের সাংগঠনিক কার্যক্রম জোরদার, নৈতিকতা ও শৃঙ্খলা বজায় রাখা এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির আহ্বান জানান।

সম্মেলনে আরও বক্তব্য দেন থানা নায়েবে আমীর অধ্যাপক আবদুজ জাহের ও আহমদ রশিদ আমু এবং সহকারী সেক্রেটারি আ.ন.ম. জোবায়ের।

এ সময় উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য মাওলানা মুহাম্মদ ফেরদাউস, নুরুল কবীর, সাইয়েদ মোহাম্মদ আলী, নাজিম উদ্দীন, অ্যাডভোকেট এহতেশামুল হক, অ্যাডভোকেট আনোয়ার সাদত, একরামুল হক, ওয়ার্ড আমীর মুহাম্মদ ওসমান গনি, ডা. মোহাম্মদ ইলিয়াস, মাস্টার নুরুল আমীন ও ফজলুল হকসহ থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ cox24newsbd.com