cox24newsbd.com
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
মিরপুরে মা ও শিশুর টিকাকেন্দ্রে হামলা-লুটপাটের ঘটনায় ব্যারিস্টার আরমানের বিবৃতি
ছবি: ছবি সংগৃহীত
সারাদেশ

মিরপুরে মা ও শিশুর টিকাকেন্দ্রে হামলা-লুটপাটের ঘটনায় ব্যারিস্টার আরমানের বিবৃতি

কক্স২৪ নিউজ ডেস্ক।
রাজধানীর মিরপুর-১-এর রাওজা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে মুখোশধারী দুর্বৃত্তদের হামলা, লুটপাট ও পুরো স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম (আরমান)।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে মুখোশধারী দুর্বৃত্তদের সশস্ত্র হামলা, লুটপাট এবং পুরো স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য হিসেবে আমি তীব্র নিন্দা ও ক্ষোভ জানাচ্ছি।

বিবৃতিতে তিনি আরও বলেন, প্রায় পাঁচ দশক ধরে এই কেন্দ্র মিরপুরের দরিদ্র মা ও শিশুদের স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। রাতের আঁধারে শত শত মুখোশধারীর এই হামলা নিছক সন্ত্রাস নয়, এটি আমাদের শিশুদের জীবন ও ভবিষ্যতের ওপর সরাসরি আঘাত। নিরাপত্তাকর্মীদের মারধর করে খুঁটিতে বেঁধে রাখা হয়েছে, সরকারি ইপিআই টিকা ও টিকাদানের রেজিস্টার লুট করা হয়েছে, ভারী যন্ত্র চালিয়ে ভবন গুঁড়িয়ে দেওয়া হয়েছে। রাজধানীর বুকে এমন ঘটনা ঘটতে পারে, তা লজ্জার এবং ভয়ংকর।


মীর আহমাদ বিন কাসেম প্রশ্ন তুলে বলেন, আমার প্রশ্ন, আড়াইশো মানুষ ভারী যন্ত্রপাতি নিয়ে একটি স্বাস্থ্যকেন্দ্র ভাঙল, অথচ কেউ কিছু টের পেল না? এর পেছনে কারা, কাদের ছত্রছায়ায় এবং কোন দখলবাজির স্বার্থে এই তাণ্ডব চালানো হলো, তা জাতির সামনে প্রকাশ করতে হবে। দখলবাজ যেই হোক, যে দলেরই হোক, কোনো ছাড় দেওয়া চলবে না।

তিনি হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়ে পাঁচ দফা দাবি তুলে ধরেন।

দাবিগুলো

১. হামলায় জড়িত সব দুর্বৃত্ত ও তাদের নেপথ্যের পৃষ্ঠপোষকদের ২৪ ঘণ্টার মধ্যে চিহ্নিত করে গ্রেপ্তার ও দ্রুত বিচার;

২. লুট হওয়া টিকা, টিকাদানের রেজিস্টার ও নথি উদ্ধার, যাতে কোনো শিশুর টিকার ধারাবাহিকতা ব্যাহত না হয়;

৩. স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে অবিলম্বে বিকল্প স্থানে টিকাদান কার্যক্রম চালু;

৪. স্থাপনা পুনর্নির্মাণ ও ক্ষতিপূরণ, এবং জমি দখলের যেকোনো অপচেষ্টা প্রতিহত করা;

৫. ঘটনার সময় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা খতিয়ে দেখতে নিরপেক্ষ তদন্ত।

বিবৃতিতে ঢাকা-১৪ আসনের এই সংসদ সদস্য বলেন, ঢাকা-১৪-এর মানুষের প্রতিনিধি হিসেবে আমি স্পষ্ট করে বলছি, আমাদের এলাকার মা ও শিশুদের স্বাস্থ্যসেবা কেড়ে নেওয়ার কোনো ষড়যন্ত্র সফল হতে দেব না। বিষয়টি আমি সংসদে তুলব, এবং দোষীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব। এই ঘটনার প্রতিবাদে আজ বিকাল ৫.৩০ মিনিট মিরপুর শাহ আলী মাজার প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। মিরপুর ও শাহ আলীসহ ঢাকা-১৪-এর সর্বস্তরের মানুষকে শান্তিপূর্ণভাবে এই মিছিলে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ cox24newsbd.com