cox24newsbd.com
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঐক্যবদ্ধ থেকে জনগণের আস্থা অর্জনের আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর
ছবি: ছবি সংগৃহীত
সারাদেশ

ঐক্যবদ্ধ থেকে জনগণের আস্থা অর্জনের আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর

কক্স২৪ নিউজ ডেস্ক।
দলের শৃঙ্খলা রক্ষা, অভ্যন্তরীণ ঐক্য সুদৃঢ় করা এবং সাধারণ মানুষের আস্থা অর্জনের মাধ্যমে আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ ও ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন। রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে নীলফামারী সার্কিট হাউসে জেলা বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘ষড়যন্ত্রকারীরা নানা চক্রান্ত করে সাময়িক বিপর্যয় ঘটাতে পারে, কিন্তু ত্যাগী নেতাকর্মী ও জনগণের সমর্থনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আবার ঘুরে দাঁড়াবে। রাজনৈতিক সততা ও নেতৃত্বের প্রতি শতভাগ আনুগত্য না থাকলে কোনো রাজনৈতিক লড়াইয়ে জয়ী হওয়া সম্ভব নয়।’

তিনি আরও বলেন, ক্ষমতার দম্ভ পরিহার করে সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাই হবে দলের মূল শক্তি। শীর্ষ নেতৃত্বের আদর্শ অনুসরণের নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, ‘আমাদের আচার-ব্যবহার ও কর্মে এমন পরিবর্তন আনতে হবে, যেন সাধারণ মানুষ দলের ওপর পূর্ণ আস্থা রাখতে পারে। কাদা ছোড়াছুড়ি বন্ধ করে এক সুরে কথা বলতে হবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (এ্যাব) আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম। সমাজকল্যাণমন্ত্রী তার বক্তব্যে স্থানীয় নেতৃত্বের ত্যাগ ও অবদানের প্রশংসা করেন। আগামীতে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ সব অঙ্গসংগঠনকে ঐক্যবদ্ধভাবে পুনর্গঠন এবং সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জানান তিনি।

সাময়িক ভুল-ত্রুটি ও পরাজয় থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে বড় বিজয়ের ভিত্তি গড়ে তোলার জন্যও নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান সমাজকল্যাণমন্ত্রী। মতবিনিময় সভায় জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ cox24newsbd.com